হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ মেডিকেলে ফের মানববন্ধন, অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন
রবিবার (২১ জুন) হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
আজ সকাল সাড়ে ৯টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা হাসপাতাল ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কলেজ ও হাসপাতাল সংক্রান্ত বিভিন্ন যৌক্তিক দাবির বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন। গত ১৫ এপ্রিল ২০২৫ সালে সংগঠিত হওয়া আন্দোলন থেকে এখন পর্যন্ত বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত হাসপাতাল চালু হয়নি। পাশাপাশি একাডেমিক কার্যক্রমেও নানা ধরনের অব্যবস্থাপনা বিদ্যমান রয়েছে বলে অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা গত ১৫ এপ্রিল ২০২৫ সালে সংগঠিত আন্দোলনের পর থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এক বছরের অধিক সময় পেরিয়ে যাওয়ার পরও হাসপাতাল চালু হয়নি। একই সঙ্গে একাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে। তাই আমাদের দাবিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি।”
তারা আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করে কলেজ ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করবে বলে আশা করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, চলমান আন্দোলনের আওতার বাইরে থাকবে পেশাগত পরীক্ষাসমূহ।
বিক্ষোভ কর্মসূচিতে কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য দেন।
প্রসঙ্গত, হাসপাতাল চালুর দাবিতে ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। কলেজের নিজস্ব হাসপাতাল চালু না থাকায় তাঁদের ক্লিনিক্যাল ক্লাস করতে হয় জেলা সদর হাসপাতালে। তবে কলেজ থেকে হাসপাতালটির দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। এ ছাড়া যাতায়াতের জন্য কলেজের কোনো বাস না থাকায় নিয়মিত ক্লাসে অংশ নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। ২০২৩ সালে কলেজের সঙ্গে ৫০০ শয্যার হাসপাতাল চালুর কথা থাকলেও পরে সময়সীমা বাড়িয়ে ২০২৫ সালের জুলাই নির্ধারণ করা হয়। পরবর্তীতে সেই সময়সীমাও বাড়িয়ে হাসপাতালটি ২০২৬ সালে চালু হবে বলে জানানো হয়।
২০২১ সালের ১২ সেপ্টেম্বর জেলার শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ৫০ জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এর প্রায় দুই বছর পর ২০২৩ সালের ৫ নভেম্বর স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয় প্রতিষ্ঠানটি।




