৩৮তম সরকারি মেডিকেল হিসেবে অনুমোদন পেল ঠাকুরগাঁও মেডিকেল কলেজ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় অনুমোদন পেয়েছে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। এ নিয়ে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ৩৮।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এতদ্বারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলায় 'ঠাকুরগাঁও মেডিকেল কলেজ' প্রতিষ্ঠার সরকারি মজুরি জ্ঞাপন করা হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও কার্যার্থে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, চিকিৎসা অনুষদের ডিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা), ঠাকুরগাঁও জেলা প্রশাসক, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের অধ্যক্ষ, ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
দেশে মেডিকেল কলেজ ও এর আসন
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ৩৭টি সরকারি ও ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।
অন্য দিকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি মেডিকেল কলেজ পরিচালিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুর একটি করে আর সশস্ত্র বাহিনী চিকিৎসা শাখার (ডিজিএমএস) মাধ্যমে ঢাকায় পরিচালিত হয় সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ (এএফএমসি)।
সরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩৮০ জন এবং বেসরকারিতে ছয় হাজার ২৯৩ জন শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পেতেন। গত বছরের নভেম্বর মাসে বিন্যাসের পর সরকারিতে পাঁচ হাজার ১০০ এবং বেসরকারি মেডিকেলের আসন সংখ্যা দাঁড়ায় ছয় হাজার একটি।
আর সেনাবাহিনীর ছয়টির মধ্যে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে পরিচালিত মেডিকেলে ৫০টি করে আড়াইশ’ এবং এএফএমসিতে ১২৫টি আসন রয়েছে। আর নতুন করে চট্টগ্রামে চালু হওয়া নৌবাহিনীর মেডিকেলে ৫০টি আসন রয়েছে।
সেই হিসাবে সরকারি, বেসরকারি, সেনাবাহিনী ও নৌবাহিনীর মেডিকেল কলেজ মিলিয়ে আসন সংখ্যা হলো ১১ হাজার ৫২৬টি।




