শিরোনাম

Space for ads

সিলেটে অনেক স্বাস্থ্য অবকাঠামো এখনো পূর্ণাঙ্গভাবে ব্যবহৃত হচ্ছে না: বাণিজ্যমন্ত্রী

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন   |   চিকিৎসা

সিলেটে অনেক স্বাস্থ্য অবকাঠামো এখনো পূর্ণাঙ্গভাবে ব্যবহৃত হচ্ছে না: বাণিজ্যমন্ত্রী
Space for ads

শনিবার (৪ জুলাই) সিলেটে নির্মিত অনেক স্বাস্থ্য অবকাঠামো পরিকল্পনা, জনবল এবং সমন্বয়ের ঘাটতির কারণে এখনো প্রত্যাশিতভাবে ব্যবহৃত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিদ্যমান অবকাঠামোগুলোকে জনগণের কার্যকর স্বাস্থ্যসেবায় কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আজ  সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অবকাঠামো নির্মাণ করা হলেও সেগুলোর অনেকগুলো এখনো পূর্ণ সক্ষমতায় ব্যবহার হচ্ছে না। পর্যালোচনা সভার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবভিত্তিক সমাধান বের করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের জবাবদিহিতা বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই চলতি অর্থবছরের বাজেট প্রণয়ন করতে হয়েছে। সীমিত সময়ের মধ্যেও সরকার বাজেটে মানবসম্পদ উন্নয়নকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে। তার ভাষ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতই মানবসম্পদ উন্নয়নের প্রধান ভিত্তি।

এ সময় তিনি আরও জানান, সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জাতীয় আয়ের (জিডিপি) পাঁচ শতাংশ করে বিনিয়োগ নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। পরিকল্পনার দুর্বলতা ও বাস্তবায়নের ঘাটতির কারণে অনেক প্রকল্প থেকে প্রত্যাশিত সুফল পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতের সব প্রতিষ্ঠানের মধ্যে আরও সমন্বয় জোরদারের প্রয়োজন রয়েছে।

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় সিলেট ছয় আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনির, ওসমানী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. নুরে আলম শামীম, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: