প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক
প্রয়োজনীয় পুষ্টি, স্বাস্থ্যকর জীবনধারা এবং প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবার মাধ্যমে দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ ও সুস্থ জীবন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রফেসর ড. মজিবুল হক।
বুধবার (১ জুলাই) নরসিংদীতে অনুষ্ঠিত 'প্রাকৃতিক উপায়ে সুস্থতা' শীর্ষক একটি বৈজ্ঞানিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে তিনি এসব কথা বলেন। নরসিংদী শহরের হলিডে রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার-এ অনুষ্ঠিত এ সেমিনারের আয়োজন করে ইমার্জেন্সি কেয়ার ইনস্টিটিউট।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি), যুক্তরাষ্ট্রের ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক, দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিন, যুক্তরাষ্ট্রের কনসালট্যান্ট এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মজিবুল হক, পিএইচডি, এনডি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইমার্জেন্সি কেয়ার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী সাইফুন্নেসা সানিয়া। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
প্রফেসর ড. মজিবুল হক বলেন, বর্তমানে বিশ্বজুড়ে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সারসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, এসব রোগের অন্যতম প্রধান কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ, শারীরিক নিষ্ক্রিয়তা এবং পর্যাপ্ত ঘুমের অভাব। তিনি রোগের মূল কারণ চিহ্নিত করার গুরুত্ব তুলে ধরে বলেন, কেবল উপসর্গের চিকিৎসা নয়, বরং সঠিক পুষ্টি, স্বাস্থ্যকর জীবনধারা এবং সমন্বিত (ইন্টিগ্রেটিভ) চিকিৎসা পদ্ধতির মাধ্যমে দীর্ঘমেয়াদি রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা এবং অনেক ক্ষেত্রে রোগীর সার্বিক স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মূল লক্ষ্য হওয়া উচিত রোগ হওয়ার পর চিকিৎসা দেওয়া নয়; বরং মানুষের মধ্যে এমন জীবনধারা গড়ে তোলা যাতে রোগের ঝুঁকিই অনেকাংশে কমে আসে।
সেমিনারে অংশগ্রহণকারীরা দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ, পুষ্টি, জীবনধারা পরিবর্তন এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে প্রফেসর ড. মজিবুল হক অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বৈজ্ঞানিক তথ্যের আলোকে স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের পরামর্শ প্রদান করেন।




