ওষুধ সঠিক নিয়মে সংরক্ষণ না করার অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা
সুনামগঞ্জের ছাতক উপজেলার মা ফার্মেসী ও সুধা ফার্মেসী নামে দুই ফার্মেসিকে ওষুধ সঠিক নিয়মে সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কালারুকা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম এবং সুনামগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মিঠুন সাহার যৌথ নেতৃত্বে এ মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পলস মজুদ রাখা, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং ফ্রিজে রাখার মতো তাপ সংবেদনশীল ওষুধ যথানিয়মে সংরক্ষণ না করার অপরাধে এই দুই ফার্মেসিকে জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে সুনামগঞ্জের ড্রাগ সুপার মিঠুন সাহা জানান, ইনসুলিন ও ভ্যাকসিনসহ বেশ কিছু তাপ সংবেদনশীল ওষুধ নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এই দুই ফার্মেসিতে এসব তাপ সংবেদনশীল ওষুধ যথানিয়মে সংরক্ষণ না করে সাধারণ তাপমাত্রায় ফেলে রাখা হয়েছিল। এতে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হয়।
তিনি আরো জানান, জীবন রক্ষাকারী ওষুধের গুণগত মান বজায় রাখতে আমাদের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম জানান, ফার্মেসিগুলোকে শতভাগ নিয়ম মেনে ওষুধ বিক্রি করতে হবে। জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ওষুধের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।




