মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার অগ্রগতি ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স
বুধবার (২৪ জুন) মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়ন, বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ, অগ্রাধিকারমূলক পদক্ষেপ নির্ধারণ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব স্নেহাশীষ দাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, উন্নয়ন সহযোগী সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন), স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা), স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ার, মেটারন্যাল অ্যান্ড চাইল্ড হেলথ (এমসিএইচ) সার্ভিসেস এবং পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালকগণ। এছাড়া জাতিসংঘের সংস্থা ইউএনএফপিএ, ইউনিসেফ ও ডব্লিউএইচও’র প্রতিনিধিরা এবং বাংলাদেশ প্রসূতি ও স্ত্রীরোগ সমিতির (ওজিএসবি) সভাপতি কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (স্বাস্থ্য-৪)।
কমিটির কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি জাতীয় মাতৃ ও নবজাতক স্বাস্থ্য (এমএনএইচ) কর্মসূচির অগ্রাধিকারমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন তদারকি, নীতিগত ও পরিচালনগত প্রতিবন্ধকতা দূরীকরণ এবং সরকার, পেশাজীবী সংগঠন, উন্নয়ন সহযোগী ও জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনে ভূমিকা পালন করবে।




