রাজশাহীতে তিন লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
রাজশাহী জেলায় আগামী ২৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনে জেলাজুড়ে তিন লক্ষ তিন হাজার ১১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার (২৩ জুন) রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সসম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. রাজিউর রহমান।
তিনি আরও জানান, ছয় মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লক্ষ ৬৯ হাজার ৪৬৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই কর্মসূচি সফল করতে জেলায় ১০টি স্থায়ী এবং এক হাজার ৭৭৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট এক হাজার ৭৮৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিন হাজার ৫৭৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
নির্ধারিত দিনে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে উপস্থিত হয়ে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।




