স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি
স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সারা দেশে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে।
বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালটি প্রথম পর্যায়ের ১০টির মধ্যে রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এখন থেকে বাঞ্ছারামপুর হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু হবে।
শুক্রবার রাত সাড়ে ১০টায় হাসপাতাল পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, হাসপাতালটিতে দুজন চিকিৎসক যোগদান করায় কিছুটা হলেও সংকট কাটবে। গর্ভবতীরা চিকিৎসাসেবা পাবে। খুব শীঘ্রই আরো চিকিৎসক ও অন্যান্য স্টাফ আনার প্রক্রিয়া চলছে। চিকিৎসক নিয়োগ দিয়ে জনগণকে দেওয়া ওয়াদা রাখার চেষ্টা করেছি।
এখন থেকে দরিদ্র রোগীদের অপারেশন করাতে আর ঢাকায় যেতে হবে না, খরচও তাদের লাগবে না।
মেঘনা নদীতে সেতু নির্মাণ হলে বাঞ্ছারামপুর থেকে ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাঞ্ছারামপুরে সৃষ্টি হবে নতুন বিনিয়োগের ক্ষেত্র। বিশেষ করে যেসব অনাবাদি জমি আছে, সেগুলোতে মিল–কারখানা স্থাপিত হবে। ইতোমধ্যে বাঞ্ছারামপুর-নবীনগর পর্যন্ত রাস্তা প্রশস্তের জন্য গ্রহণ করা হয়েছে, সে অনুযায়ী কাজ চলছে। পৌরসভার ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরে পেতে খুব শীঘ্রই নদীর তীর ঘেঁষে ওয়াকওয়ে (হাঁটার রাস্তা) নির্মাণ করা হবে।




