শিরোনাম

Space for ads

আইএমসি শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’ ঘিরে উত্তাল ক্যাম্পাস, বিচার দাবিতে বিক্ষোভ

 প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন   |   মেডিকেল কলেজ

আইএমসি শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’ ঘিরে উত্তাল ক্যাম্পাস, বিচার দাবিতে বিক্ষোভ
Space for ads

 
সোমবার (৪ মে) গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (আইএমসি)-এর এক শিক্ষার্থীর ‘অস্বাভাবিক মৃত্যু’কে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিচার দাবিতে আজ সকাল ৮টা থেকে আন্দোলনে নামেন সহপাঠীরা।

নিহত শিক্ষার্থী নুরুল আমিন রিসান (২৪তম ব্যাচ) শনিবার (২ মে) রাত ৮টার দিকে টাঙ্গাইলের রতনপুরে নিজ বাসায় মারা যান বলে জানা গেছে।

সহপাঠী ও পারিবারিক সূত্রে জানা যায়, রিসান দীর্ঘদিন ধরে একাডেমিক চাপে ভুগছিলেন। বিশেষ করে অ্যানাটমি বিষয়ে একাধিকবার পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার সহপাঠীরা ইতোমধ্যে চতুর্থ বর্ষে উঠলেও তিনি প্রথম বর্ষেই আটকে ছিলেন, যা তার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

শিক্ষার্থীদের অভিযোগ, মৃত্যুর আগে রিসান এক বন্ধুর কাছে লিখিতভাবে জানিয়েছেন যে, অ্যানাটমি বিভাগের শিক্ষকদের চাপ তিনি আর নিতে পারছিলেন না। এর পরপরই তিনি কলেজ থেকে বাড়িতে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের দরজা বন্ধ অবস্থায় পান এবং সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখনো কোনো ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ বের করতে হবে। একই সঙ্গে তারা এটিকে ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে উল্লেখ করে একাডেমিক দায় নির্ধারণের দাবি জানান।
বিক্ষোভরত শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এমনকি সংশ্লিষ্ট শিক্ষক বা কর্তৃপক্ষ কেউ রিসানের পরিবারের সঙ্গে যোগাযোগও করেননি।

এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন এবং দ্রুত তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ও শিক্ষাঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
BBS cable ad

মেডিকেল কলেজ এর আরও খবর: