শিরোনাম

Space for ads

ডেঙ্গু প্রতিরোধে বনানীতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

 প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন   |   রোগ

ডেঙ্গু প্রতিরোধে বনানীতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
Space for ads

রাজধানীর বনানীতে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংসে বিশেষ অভিযান চালানো হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্সের উদ্যোগে ১৮, ২১ ও ২৪ নম্বর সড়কে এই অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (২৬ জুন) অভিযান চলাকালে বনানীর ২৪ নম্বর সড়কের একটি নির্মাণাধীন আবাসিক ভবনে সতর্ক করার পরও এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাইকিং, লিফলেট ও স্টিকার বিতরণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হয়। এ সময় প্রতিমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

মীর শাহে আলম বলেন, আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা বা জেলে পাঠানো নয়; আমাদের উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো এবং ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা।

তিনি বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিয়মিত অভিযান চললেও এটি সফল করতে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের পরিবার ও সন্তানদের স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে বিষয়টি সরাসরি জড়িত।

তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাড়ির ছাদ, আঙিনা, বেসমেন্ট, ফুলের টব, ডাবের খোসা, রঙের কৌটা, পুরোনো টায়ার বা যেকোনো পাত্রে যেন তিনদিনের বেশি পানি জমে না থাকে। প্রতি তিনদিন পরপর জমে থাকা পানি ফেলে দিতে হবে এবং পরিবারের সদস্যদের নিয়ে নিয়মিত বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা না ফেলারও আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ডেঙ্গুর প্রজনন মৌসুম বিবেচনায় মশার উৎপত্তিস্থল ধ্বংস করা এখন সময়ের দাবি। যত্রতত্র ময়লা না ফেলে এবং সচেতনতার মাধ্যমে এই লড়াইয়ে নাগরিক অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গু মোকাবেলা সম্ভব।

BBS cable ad