বিএমইউতে ‘গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস’ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী বিএমইউর ৩৭ ফ্যাকাল্টির মধ্যে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।
গুরুত্বপূর্ণ এই কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ‘গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস’ বিষয়ে ইথিক্যাল ইমপ্লিকেশনস, প্রিন্সিপলস অব বায়োইথিকস এবং পাবলিক হেলথ ইথিকসসহ তথ্যসমৃদ্ধ ও জ্ঞানলব্ধ বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সিনিয়র অ্যাসোসিয়েট মো. হাফিজুর রহমান।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মো. আবু ওবাইদা।
একই অনুষ্ঠানে বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইতিপূর্বে অনুষ্ঠিত হওয়া ‘ইভিডেন্স-বেজড মেডিসিন ডে’ উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক অনুষ্ঠানে তিনি ‘বেস্ট স্পিকার’ নির্বাচিত হন। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মঞ্চে উপাচার্য এফ এম সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।




