মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি
দেশের স্বাস্থ্য খাতে চিকিৎসা অক্সিজেনের সহজলভ্যতা, মান নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল মেডিকেল অক্সিজেন রোডম্যাপ (২০২৬–২০৩০)’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।
এই গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা তৈরির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে সভাপতি করে ২৭ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটির দায়িত্ব ও গঠন
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা। পুনর্গঠিত এই কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিনির্ধারক, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
অক্সিজেনকে ওষুধের মতো সহজলভ্য করতে হবে: স্বাস্থ্যের বিশেষ সহকারী
পাশাপাশি, কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা প্রদানের জন্য বুয়েট এবং আইসিডিডিআর,বির বিশেষজ্ঞসহ দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই কমিটিতে থাকছেন। এছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে বিশ্বব্যাংক, এডিবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
কমিটির লক্ষ্য ও কার্যপরিধি
নতুন এই রোডম্যাপের মূল লক্ষ্য হলো দেশের স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। কমিটির প্রধান দায়িত্ব ও কার্যপরিধির মধ্যে রয়েছে
১. চিকিৎসা অক্সিজেনের মান নিয়ন্ত্রণ ও গুণগত মান নিশ্চিত করা।
২. অক্সিজেন ব্যবস্থাপনায় একটি কার্যকর জাতীয় গাইডলাইন ও রোডম্যাপ প্রণয়ন করা।
৩. প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষজ্ঞ কো-অপ্টের মাধ্যমে কার্যক্রমকে আরও গতিশীল করা।
স্বাস্থ্য খাতের এই যুগোপযোগী উদ্যোগটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে অক্সিজেন সংকট মোকাবিলায় বাংলাদেশ আরও সক্ষম ও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




