বিএমইউতে অডিট বিষয়ক ত্রি-পক্ষীয় সভা শুরু
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ অডিট বিষয়ক দুই দিনব্যাপী ত্রি-পক্ষীয় সভা শুরু হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিএমইউ শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত সভায় সঠিক আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশৃঙ্খল আর্থিক ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে কার্যকর অডিটের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
উপাচার্য বলেন, একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক রাখতে অডিটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ অডিটের মাধ্যমে আর্থিক ঝুঁকি কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং অডিট আপত্তি যৌক্তিকভাবে নিষ্পত্তি করা সম্ভব।
স্বাস্থ্য অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. গোলাম রহমান বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত, আর্থিক অনিয়ম প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় অডিট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক মান অনুসরণ করে পরিচালিত এ কার্যক্রম সরকারি প্রতিষ্ঠানের আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অডিট অধিদপ্তর ও বিএমইউর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তারা অডিট কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।




