শিরোনাম

Space for ads

গ্রামে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

 প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন   |   চিকিৎসা

Space for ads

উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গ্রামীণ জনগণের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্বাস্থ্য খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন তিনি নিজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রায়ই এমন অভিযোগ উঠে আসে যে, উপজেলা পর্যায়ে চিকিৎসক কর্মরত থাকলেও রোগীরা প্রত্যাশিত চিকিৎসাসেবা পাচ্ছেন না। চিকিৎসকদের দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৈঠকের শুরুতে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতের অগ্রগতি সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন উদ্যোগ ও অর্জনের তথ্য তুলে ধরেন।

বৈঠকে কর্মকর্তারা জানান, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাত নানা সংকটে পড়েছিল, যার ফলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি ব্যাহত হয়। বর্তমান পরিস্থিতির উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে বলেও তারা উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করতে হবে। সরকারি হাসপাতালে যেন রোগীরা হয়রানি ছাড়া দ্রুত চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সরকারি হাসপাতালকে মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার ওপরও গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

চিকিৎসা এর আরও খবর: