বিএমইউতে শিক্ষণ পদ্ধতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা, ২৭ শিক্ষককে সনদ
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে 'টিচিং মেথোডলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট' বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ 0বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। এ সময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামসহ অধ্যাপক ডা. আবদাল মিয়া, অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর তালুকদার, অধ্যাপক ডা. তাহমিনা বেগম, অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং ডা. মো. রাসেল আহমেদ খান বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।
বক্তারা কর্মশালায় অর্জিত জ্ঞান মেডিক্যাল শিক্ষা ও গবেষণায় প্রয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ২৭ জন ফ্যাকাল্টির হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।




