ডা. আবু হেনা আবিদ জাফরের স্মরণে এনডিএফ’র দোয়া ও আলোচনা সভা
সোমবার (২৯ জুন) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক চিফ মেডিকেল অফিসার মরহুম ডা. আবু হেনা আবিদ জাফরের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। ডা. আবু হেনা সংগঠনটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
আজ এনডিএফ’র কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
আলোচনা সভায় মরহুম ডা. আবু হেনা আবিদ জাফরের কর্মময় জীবন, চিকিৎসা পেশায় তাঁর অবদান এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর নিষ্ঠার কথা স্মরণ করেন বক্তারা। এ সময় বক্তব্য রাখেন এনডিএফ’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, ডা. একেএম ওয়ালিউল্লাহ, জয়েন্ট সেক্রেটারি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এনডিএফ’র সভাপতি ডা. এম.জি. ফারুক হোসেন, ঢাকা মহানগর উত্তর এনডিএফ’র সভাপতি ডা. এস. এম. খালেদুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ এনডিএফ’র সভাপতি ডা. মারুফ শাহরিয়ার এবং বিশিষ্ট আবৃত্তিকার মো. মাহবুব মুকুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মরহুমের অসংখ্য গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী চিকিৎসক এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সভা শেষে মরহুম ডা. আবু হেনা আবিদ জাফরের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এনডিএফ’র সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।




