৬ দফা দাবি বাস্তবায়নে শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান
নিয়োগবিধি সংশোধন, বেতনবৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবি বাস্তবায়নে শহীদ মিনারে শান্তিপূণ অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে দেশের ৬৪ জেলা থেকে হাজার হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা ব্যানার, ফেষ্টুন ও মনিপাতা নিয়ে অংশ নেন।
এর আগে, গত ২৪ নভেম্বর সংগঠনটির নেতারা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সেখানে তারা সংশ্লিষ্ট দপ্তরকে ৬ দফা দাবি বাস্তাবায়ন করে জিও (প্রজ্ঞাপন) আকারে প্রকাশের সময় বেধে দেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারী সাদেকুর রশিদ কিরন বলেন, 'আমরা স্বাস্থ্য সহকারীরা সরকারী ছুটি ব্যতিত সারা মাস রোদে-বৃষ্টিতে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মা ও শিশু রেজিস্টেশন করে টিকা প্রদান করি। এবং প্রান্তিক জনগোষ্ঠির স্বাস্থ্য সেবায় মাঠ পর্যায় কাজ করে যাচ্ছিন। আমাদের কাজের বিনিময়েই টিকাদানে বাংলাদেশ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে।
এ তৃণমুল স্বাস্থ্য সহকারীদের পরিশ্রমের সাফল্যের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী পেয়েছেন,ভ্যাকসিন হিরোর সম্মাননা, সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগও হয়েছে বিশেষ সম্মানিত। যাদের কাজের বিনিময়ে স্বাস্থ্য বিভাগ গর্বিত, আজ তারাই অবহেলা ও বৈষম্যের শিকার।'
তিনি আরো বলেন, 'আমাদের দীর্ঘ দিনের দাবি আমাদের স্বাস্থ্য সহকারী পদটি টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন আপগ্রেডেশনের, কিন্ত এ দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌক্তিক বলে প্রতিশ্রুতি আর আশ্বাস দিয়েই দীর্ঘ ২৭ বছর পার করেছেন।'
সহকারী স্বাস্থ্য পরির্দশক মনির হোসেন বলেন, 'দীর্ঘ ২০ বছর পর আমার সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতি হয়েছে।
কিন্তু বেতন বাড়েনি এক পয়সাও। বরং আমার নিজ জেলা থেকে অন্য জেলায় পদায়ন দিয়েছে। আমার জানা মতে, আমাদের মতো এমন বৈষম্যের শিকার অন্য কোনো বিভাগ আছে বলে আমার জানা নেই।'
স্বাস্থ্য পরিদর্শক আবু কালাম বলেন, '৬ হাজার জনগোষ্ঠির জন্য একজন স্বাস্থ্য সহকারীর পদ সৃষ্টি হলেও বর্তমানে একজন স্বাস্থ্য সহকারীকে ২০ হাজার থেকে ৩০ হাজার জনগোষ্ঠি নিয়ে কাজ করতে হচ্ছে। অথচ সরকারী নিয়ম অনুসারে সেখানে ৫ থেকে ৬ জন স্বাস্থ্য সহকারী নিয়োজিত থাকার কথা।




