রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন রাজবাড়ীর স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন তারা।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় রাজবাড়ী সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এই কর্মবিরতি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সবুজ শাহীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। সদর উপজেলার পাশাপাশি অন্যান্য উপজেলার স্বাস্থ্য সহকারীরাও একই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি।
তাই বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন।




