শিরোনাম

Space for ads

নার্সিং খাতের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা চাইলেন চসিক মেয়র

 প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন   |   স্বাস্থ্যকর্মী

নার্সিং খাতের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা চাইলেন চসিক মেয়র
Space for ads

 
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নার্সিং খাতের বিকাশে ফ্রান্সের সহযোগিতা কামনা করেছেন।
 
তিনি বলেছেন, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন নার্স তৈরির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে চসিক পরিচালিত নার্সিং ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে নগরের টাইগারপাস এলাকার চসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মেয়র এসব কথা বলেন। বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত চট্টগ্রামে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে মেয়রের পরিকল্পনা এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র সম্পর্কে জানতে চান। জবাবে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হেলদি সিটি হিসেবে গড়ে তোলাই তার অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে স্কুলশিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় স্কুল হেলথ কার্ড কার্যক্রম, নবজাতকদের জন্য নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে।
 
চিকিৎসাসেবার গুণগত মান বাড়াতে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক কারিকুলাম ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে মেয়র বলেন, বর্তমানে চসিক নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রি দেওয়া হচ্ছে। তবে আমরা এটিকে চার বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিতে রূপান্তরের পরিকল্পনা নিয়েছি। দক্ষ নার্স গড়তে পারলে দেশের স্বাস্থ্যসেবা উন্নত হওয়ার পাশাপাশি বিদেশেও বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে ফ্রান্সের কারিগরি সহায়তা, বিনিয়োগ ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ, জলাবদ্ধতা নিরসন, পর্যটন শিল্পের বিকাশ এবং ফ্রান্সের কোনো শহরের সঙ্গে চট্টগ্রামের সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ টেকসই নগর উন্নয়ন, পরিবেশবান্ধব অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত পোষণ করেন।

 
এদিকে, বৈঠকে ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা চট্টগ্রাম ওয়াসার চলমান স্যানিটেশন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে নগরীতে আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা, বর্জ্যপানি পরিশোধনের সক্ষমতা বৃদ্ধি, কর্ণফুলী নদী ও খালের দূষণ হ্রাস এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা হবে। প্রকল্পের সফল বাস্তবায়নে সড়ক খনন ও পুনর্বহাল, বিভিন্ন সংস্থার মধ্যে অবকাঠামোগত সমন্বয় এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে চসিকের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

সৌজন্য সাক্ষাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং ন্যাশনাল ব্রোকারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওরমান রাফি নিজামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
BBS cable ad

স্বাস্থ্যকর্মী এর আরও খবর: