১৫ হাজার নয়, আপাতত ৫ হাজার নার্স নিয়োগের পরিকল্পনা: নার্সিং অধিদপ্তর
রবিবার (১৯ জুলাই) রাজস্ব খাতে ১৫ হাজার সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজনের একটি প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে তাদের পরিকল্পনা আগামী পাঁচ বছরে ধাপে ধাপে প্রায় ৫ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন পর্যায় থেকে ১৫ হাজারসহ আরও বড় পরিসরে নার্স নিয়োগের প্রস্তাব এলেও আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে আপাতত প্রায় ৫ হাজার নার্স নিয়োগের খসড়া প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে সিনিয়র স্টাফ নার্সের অনুমোদিত পদ ৪৪ হাজার ৫৩৩টি। এর মধ্যে ৪১ হাজার ৬৪৮টি পদে কর্মরত রয়েছেন নার্সরা। ২ হাজার ৮৮৮টি পদ শূন্য রয়েছে এবং আরও ২ হাজার ৩৯৪ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বদরুল আলম বলেন, স্বাস্থ্যসেবা শক্তিশালী করার অংশ হিসেবে প্রায় ৫ হাজার নার্স নিয়োগের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এটি একটি খসড়া প্রস্তাব, যা পরবর্তী পর্যালোচনা ও অনুমোদনের পর চূড়ান্ত হবে।
এদিকে নার্সিং সংগঠনগুলোর নেতারা স্বাস্থ্য খাতে ঘোষিত এক লাখ জনবল নিয়োগের মধ্যে অন্তত ৩৫ হাজার নার্স নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের মতে, পর্যাপ্ত নার্স নিয়োগ নিশ্চিত হলে প্রাথমিক স্বাস্থ্যসেবা, কমিউনিটি নার্সিং এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার মান আরও উন্নত হবে।




